Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
৩৮ বছর পর ফিরছে ‘ডেজ অব থান্ডার’, টম ক্রুজের নায়িকা অ্যান হ্যাথাওয়ে - দৈনিক স্বাধীন সংবাদ

৩৮ বছর পর ফিরছে ‘ডেজ অব থান্ডার’, টম ক্রুজের নায়িকা অ্যান হ্যাথাওয়ে

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় স্পোর্টস-অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে আবারও ‘কোল ট্রিকল’ চরিত্রে ফিরছেন হলিউড তারকা টম ক্রুজ। এবারের কিস্তিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে।

প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ২০২৮ সালের ২ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আইম্যাক্স, ডলবি সিনেমা ও ফোরডিএক্স ফরম্যাটেও দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।

টনি স্কট পরিচালিত ১৯৯০ সালের মূল সিনেমার প্রায় ৩৮ বছর পর ফিরছে ‘ডেজ অব থান্ডার’ ফ্র্যাঞ্চাইজি। নতুন কিস্তিতে টম ক্রুজকে আবারও জনপ্রিয় চরিত্র ‘কোল ট্রিকল’ হিসেবে দেখা যাবে।

সিনেমাটির গল্প নিয়ে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান বিস্তারিত কিছু জানায়নি। তবে জানা গেছে, অ্যান হ্যাথাওয়েকে একটি রেসকার দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে দেখা যাবে। সম্প্রতি টম ক্রুজ ও হ্যাথাওয়ে ন্যাসকার ট্র্যাকে একসঙ্গে একটি ছবি প্রকাশ করে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন কিস্তির পরিচালনার দায়িত্বে রয়েছেন জোনাথন লেভিন। আগের পরিচালক জোসেফ কোসিনস্কি এবার পরিচালনায় থাকছেন না। তবে সিনেমাটির প্রযোজনায় টম ক্রুজের সঙ্গে থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার।

১৯৯০ সালের ‘ডেজ অব থান্ডার’-এ টম ক্রুজের সঙ্গে অভিনয় করেছিলেন রবার্ট ডুভাল, নিকোল কিডম্যান, র‌্যান্ডি কুয়েড ও জন সি. রেইলি।

এদিকে অ্যান হ্যাথাওয়ের ক্যারিয়ারেও ব্যস্ত সময় চলছে। চলতি বছর তার ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’, ‘দ্য ওডিসি’ ও ‘দ্য এন্ড অব ওক স্ট্রিপ’সহ একাধিক সিনেমা দর্শকের সামনে এসেছে। বছরের শেষদিকে কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ভেরিটি’ সিনেমায়ও দেখা যাবে তাকে।

এ ছাড়া ‘অ্যালন অ্যাট ডন’ সিনেমার শুটিং শেষ করেছেন হ্যাথাওয়ে। পাশাপাশি তিনি ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ ৩’-এর কাজও শুরু করেছেন।

অন্যদিকে ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির দীর্ঘ যাত্রা শেষে টম ক্রুজ এবার নতুন বড় বাজেটের সিনেমায় মনোযোগ দিচ্ছেন। সামনে ‘টপ গান’-এর নতুন কিস্তির পাশাপাশি অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর ‘ডিগার’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *