বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ন্যায় ও ইনসাফের বিজয়ের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। অবহেলিত মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদে রাখব। এ জনপদে থাকবে না দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাস। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না, সকল ধর্মের মানুষ থাকবেন সম্প্রীতির বন্ধনে। রাজনীতির কারণে কোনো পরিবার বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে—এখন থেকে তা আর হতে দেওয়া যাবে না। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে “হ্যাঁ” ভোটে ভোট দিন।
শনিবার সকাল ১১টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রেজাউল করিম।
প্রধান বক্তা ছিলেন দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, হাফেজ সুলতান আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, অধ্যক্ষ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান।
সকাল থেকে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভাকে ঘিরে ১৬টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। সভাটি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়। মিছিল চলাকালীন প্রতিটি সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। জামায়াতে ইসলামীর এ জনসভায় জিউধরা ইউনিয়নের বিএনপির ৭৫ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীর দলে যোগদান করেন।
প্রধান বক্তা দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, এ জনপদের উন্নয়নের জন্য পানগুছি নদীতে ব্রিজ নির্মাণ, টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানির সংকট দূরীকরণ, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন, সুন্দরবনে আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপনসহ নানাবিধ প্রতিশ্রুতি দিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।