নিজস্ব প্রতিবেদক:
সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টনের একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বক্স কালভার্ট রোডে অবস্থিত ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনা করে দেখা যায়, ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১১ দিনে ১৪ জন মালয়েশিয়াগামী কর্মীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে তাদের রিপোর্ট দেওয়া হয়েছে।
তবে মালয়েশিয়াগামী কর্মীদের এ ধরনের মেডিকেল পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সরকারি অনুমোদন ছাড়া বিদেশগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার বিষয়টি ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়।