বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অশালীন আচরণের মুখোমুখি হওয়ার তিক্ত অভিজ্ঞতা জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, মধ্যরাতে মদ্যপ অবস্থায় ওই পরিচালক তার দরজায় কড়া নাড়েন এবং পরে তাকে জড়িয়ে ধরার অনুমতি চান।
সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এই অভিজ্ঞতার কথা জানান স্বরা ভাস্কর। তিনি বলেন, ঘটনাটি তাকে মানসিকভাবে বেশ ধাক্কা দিয়েছিল।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। সিনেমাটির কাজ চলাকালে একদিন রোমান্টিক দৃশ্যের মহড়ার কথা বলে পরিচালক তাকে একা ডাকেন। বিষয়টি নিয়ে শুরু থেকেই অস্বস্তি বোধ করায় তিনি জানতে চান, রিহার্সালের সময় আর কারা উপস্থিত থাকবেন।
স্বরা বলেন, পরিচালক তখন জানান, শুধু তিনি ও পরিচালক মিলে দৃশ্যটি নিয়ে আলোচনা করবেন। এতে রাজি না হয়ে অভিনেত্রী বলেন, রিহার্সাল হলে অভিনেতা ও ক্যামেরাপারসনসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে হবে।
পরে গেস্ট হাউজে গিয়ে স্বরা দেখতে পান, পরিচালক ও চিত্রগ্রাহক সেখানে বসে মদপান করছেন। তিনি জানান, সেখান থেকে কোনোভাবে চিত্রনাট্য পড়ে নিজের কক্ষে ফিরে যান।
তবে রাতেই পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে বলে জানান অভিনেত্রী। তার ভাষ্য, মধ্যরাতে ওই পরিচালক তার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তার মনে হয়েছিল পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়তে পারেন।
স্বরা ভাস্করের দাবি, শেষ পর্যন্ত তিনি দরজা খুলতে বাধ্য হন। এরপর মদ্যপ অবস্থায় পরিচালক তাকে অদ্ভুত একটি প্রশ্ন করেন—‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’
অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া ওই ঘটনা তার জন্য ছিল অত্যন্ত তিক্ত ও আতঙ্কের অভিজ্ঞতা।