অনূর্ধ্ব-২১ যুব ও অনূর্ধ্ব-১৮ নারী হকি দলকে ঐতিহাসিক সংবর্ধনা প্রদান

মোঃ আরাফাত হোসেন :

বাংলার হকি যেন এক নতুন দিনের সূর্য দেখলো! ভারতের মাটিতে সদ্য সমাপ্ত এফআইএইচ হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ ২০২৫-এর (অনূর্ধ্ব-২১) চ্যালেঞ্জার ট্রফি জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ দল। ২৪ দলের বৈশ্বিক আসরে প্রথমবার অংশ নিয়ে ১৭তম স্থান অর্জন এবং চ্যালেঞ্জার ট্রফি জয় নিঃসন্দেহে দেশের হকিতে এক বিরল ও অনুপ্রেরণামূলক অর্জন। তবে এই ঐতিহাসিক অর্জনের মাঝে ব্যক্তিগত উজ্জ্বলতা ছড়িয়েছেন দলের তারকা ডিফেন্ডার আমিরুল ইসলাম।

বিশ্বমঞ্চে নিজের অভিষেক আসরেই তিনি ৬ ম্যাচে ৫টি হ্যাটট্রিকসহ মোট ১৮ গোল করে এক অবিস্মরণীয় কীর্তি গড়েছেন। এর ফলস্বরূপ, তিনি এই বৈশ্বিক আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। আমিরুলের এই অবিশ্বাস্য গোলসংখ্যা কেবল বাংলাদেশের নয়, বরং জুনিয়র বিশ্বকাপের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হলো।

তোমরা যা অর্জন করেছ, তা একটি শুরুর বার্তা মাত্র; এখান থেকে আরও অনেক এগিয়ে যেতে হবে” বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ।

এই নজিরবিহীন সাফল্যকে সম্মান জানাতে সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ অবস্থিত শাহীন দ্বীপে মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি বিজয়ী হকি দলের সদস্যবৃন্দকে উষ্ণ সংবর্ধনা জানান এবং নিজ হাতে পুরস্কার বিতরণ করেন।

বিজয়ী অনূর্ধ্ব-২১ দলের হাতে মোট ৬৫ লাখ টাকার বিশাল আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে ৪০ লাখ টাকা এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, বিশ্বরেকর্ড গড়া গোলদাতা আমিরুল ইসলামকে দলীয় পুরস্কারের বাইরে অতিরিক্ত ৫ লাখ টাকার বিশেষ সম্মাননা প্রদান করা হয়। কেবল পুরুষ দল নয়, অনুষ্ঠানে ২০২৫ অনূর্ধ্ব-১৮ নারী হকি এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জেতা নারী দলকেও সংবর্ধনা জানানো হয়। তাদের জন্য ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি। এই ঐতিহাসিক সংবর্ধনার মধ্য দিয়ে প্রতীয়মান হয় যে, বাংলাদেশ হকি ফেডারেশন দেশের হকি অঙ্গনে পুরুষ ও নারী উভয় দলের সাফল্যকে সমান গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, “বিশ্বকাপে যাওয়ার আগে আমি সবাইকে বলেছিলাম মাঠে লড়াকু মানসিকতা দেখতে চাই। বলেছিলাম নির্ভয়ে মাথা উঁচু করে খেলতে। তোমাদের এজন্য ধন্যবাদ দিতে চাই, কারণ সবাই আমার উপদেশ মেনে লড়াকু মনোভাব নিয়ে দলগত নৈপুণ্য প্রদর্শন করেছ এবং দেশের জন্য বয়ে এনেছ একটি বিরল সম্মান। তোমরা যা অর্জন করেছ, তা একটি শুরুর বার্তা মাত্র। এখান থেকে আরও অনেক এগিয়ে যেতে হবে। তোমাদের এই অর্জন যেন আগামী দিনের মূল বিশ্বকাপে বাংলাদেশের যোগ্যতা অর্জনের অনুপ্রেরণা জোগায়। এখন থেকেই ২০২৬ এশিয়ান গেমস ও পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে হবে।

আমি নিশ্চয়তা দিচ্ছি, দেশের হকির উন্নয়নে আমরা আগের চেয়ে আরও বিস্তৃত ও বাস্তবভিত্তিক পরিকল্পনা ও সমর্থন দিয়ে কাজ করব।” অনুষ্ঠানে আমিরুল ইসলাম বলেন, “এই সংবর্ধনা পেয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। অন্যান্য খেলায় সাফল্যের পর সরকার থেকে অনেক পুরস্কার দেওয়া হয়। আমাদের বিষয়গুলোও যদি দেখা হয়, তাহলে ভবিষ্যতের জন্য আরও ভালো হবে।”

এফআইএইচ হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ গ্রুপ পর্বে ৫–৩ গোলে অস্ট্রেলিয়ার কাছে, ৩–২ গোলে ফ্রান্সের কাছে হারে এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩–৩ গোলে ড্র করে। স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১৩–০ গোলে ওমানকে, ৫–৩ গোলে দক্ষিণ কোরিয়াকে এবং ৫–৪ গোলে অস্ট্রিয়াকে পরাজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *