আবু সায়েদ:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী বিল্লাল মুন্সি তাঁর বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সম্প্রতি একটি ফেসবুক পেজে কাল্পনিক ও ভিত্তিহীন গল্প সাজিয়ে অপপ্রচার চালাচ্ছে, যার উদ্দেশ্য তাঁর সুনাম ক্ষুণ্ন করা ও সম্মানহানি ঘটানো।
তিনি আরও বলেন, “আমার বৃহৎ সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমি মনে করি।”
বিল্লাল মুন্সি দাবি করেন, প্রকাশিত পোস্টটি কোনোভাবেই সংবাদ হিসেবে গণ্য হওয়ার মতো নয়। তিনি বলেন, “এলোমেলো কিছু লিখলেই তা সংবাদ হয় না। একটি ফেসবুক পেজের পোস্ট কখনোই প্রকৃত সংবাদ হতে পারে না।”
তিনি অভিযোগ করেন, ওই চক্র শুধু তাঁর বিরুদ্ধেই নয়, আরও অনেক মানুষের বিরুদ্ধে কাল্পনিক ও মনগড়া তথ্য প্রকাশ করে নিয়মিত সুনাম ক্ষুণ্ন করছে। কখনো ফেসবুকে পোস্ট, আবার কখনো ভিডিও প্রকাশ করে তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার এ ধরনের অপকর্মকারী চক্রের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
সবশেষে তিনি সর্বস্তরের জনগণকে এ ধরনের প্রতারক ও অপপ্রচারকারী চক্র সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।