বিনোদন ডেস্ক:
নাটকের পরিচিত মুখ অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সহকর্মীর সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। সেখানে সোহেল খানের আকস্মিক মৃত্যু মেনে নিতে কষ্ট হওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বুবলী তাঁর পোস্টে লেখেন, ‘মনে হচ্ছে, এই তো সেদিন ‘জংলি’ সিনেমার শুটিংয়ের ফাঁকে আপনার সঙ্গে কথা হলো।’
সেই সময়ের স্মৃতিচারণ করে বুবলী আরও লেখেন, ‘আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে কত মজার মজার স্মৃতি শেয়ার করলেন, গল্প করলেন, হাসালেন আমাদের! কিন্তু আপনার এভাবে হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে সোহেল ভাইয়া।’
সোহেল খানের সঙ্গে কাজের সুযোগকে স্মরণীয় অভিজ্ঞতা উল্লেখ করে বুবলী বলেন, তাঁর প্রাণবন্ত উপস্থিতি, সুন্দর কথা ও একসঙ্গে কাটানো মুহূর্তগুলো দীর্ঘদিন মনে থাকবে। পোস্টের শেষে প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে থাকা অবস্থায় মারা যান অভিনেতা সোহেল খান। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন। শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।