মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের মাহির

বিনোদন ডেস্ক:

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে সেমিফাইনালিস্টদের তালিকায় তাঁর নাম না থাকায় মূল প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। প্রত্যাশিত ফল না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মাহি। সেখানে তিনি বলেন, দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাঁর পাশে থেকে সমর্থন ও ভালোবাসা দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানান।

মাহি লেখেন, সব চেষ্টা প্রত্যাশিত ফল নিয়ে আসে না, তবে সেই চেষ্টার মূল্য থাকে। প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও পুরো যাত্রার অভিজ্ঞতা ও মানুষের ভালোবাসাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

বার্তার শেষাংশে মাহি বলেন, বাংলাদেশ তাঁর পরিচয় ও গর্ব। সমর্থকদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি।

এদিকে, পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের এই প্রতিনিধি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সেরা ৩০ প্রতিযোগী নির্বাচন করা হয়। তালিকায় নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, মেক্সিকো, কলম্বিয়া, ফিলিপাইন, ফ্রান্সসহ ৩০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি স্থান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *