ডিসেম্বর সামনে রেখে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

জেলা প্রতিনিধি:

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় জয়পুরহাট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তা জোরদারে থার্মাল ইমেজার ও নাইট ভিশন সুবিধাসম্পন্ন ড্রোন ব্যবহারের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী এবং নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব এসব তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় নাশকতার আশঙ্কায় গুজব ছড়ালেও এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। আধুনিক প্রযুক্তির পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ প্লাটুনও প্রস্তুত রাখা হয়েছে।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে কিছু ব্যক্তি জেলার বিভিন্ন এলাকায় নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিষয়ে গুজব ছড়াচ্ছেন। তবে এখন পর্যন্ত জয়পুরহাটে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, বিজিবির সক্ষমতার অংশ হিসেবে থার্মাল ইমেজার ও নাইট ভিশন সুবিধাসম্পন্ন ড্রোন সক্রিয় রয়েছে। এর মাধ্যমে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় সদস্য ও টহল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *