এ আর সুমন:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষরা চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় সূত্র জানায়, অষ্টগ্রাম বড় বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লার দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫০০ থেকে ৫৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে নিচ্ছেন।
স্থানীয় এক ক্রেতা পারভিন জানান, “আগে আমি ১৩৫০–১৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতাম। বর্তমানে একই সিলিন্ডার কিনতে আমাকে ১৮৫০ টাকা দিতে হচ্ছে। এই অতিরিক্ত দামে গ্যাস কিনতে গেলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।”
ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করেছেন, সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করা হোক এবং যারা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
স্থানীয়রা আরও বলেন, “দাম বৃদ্ধির কারণে গ্যাস কিনতে মানুষজন বাধ্য হয়ে অন্য ঝুঁকিপূর্ণ বা সস্তা বিকল্প ব্যবহার করছেন, যা নিরাপত্তার জন্যও বিপজ্জনক। প্রশাসনের দ্রুত পদক্ষেপ ছাড়া সাধারণ মানুষ প্রতিদিনই দুর্ভোগে পড়বেন।”
অষ্টগ্রামের বাজার ও দোকানগুলোতে ক্রেতাদের ভোগান্তি কমাতে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত ও অভিযান অবিলম্বে প্রয়োজন, এমনটাই মনে করছেন স্থানীয়রা।