অষ্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় ফাইয়াজ হাসান বাবুর নিন্দা

এ আর সুমন:

কিশোরগঞ্জের অষ্টগ্রামের পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে বিএনপির দুপক্ষের সংঘর্ষ এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। একই সঙ্গে ঘটনার দায় নির্ধারণ করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে দলের নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, দলের অভ্যন্তরে গ্রুপিং কিংবা মতভেদ থাকতেই পারে। তবে একজন ত্যাগী ও প্রকৃত বিএনপি কর্মী বা সমর্থকের পক্ষে নিজ দলের কার্যালয়ে হামলা বা ভাঙচুর কোনোভাবেই কাম্য নয়। তিনি প্রশ্ন তুলে বলেন, নিজেদের গ্রুপের শক্তি বাড়াতে বিতর্কিত বা ফ্যাসিস্টদের দলে ভেড়ানোর পরিণতিতেই কি এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে?

দলীয় কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনায় দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের উত্তেজনা বা বিভেদ যেন দলের বৃহত্তর স্বার্থকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যই দলের শক্তি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সবশেষে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ‘ব্যক্তিগত স্বার্থ পরিহার করে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ এই স্লোগানকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *