নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিন লিয়াওকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে তাঁর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। সংস্থাটির বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক বো লির মেয়াদ শেষ হবে ৩০ নভেম্বর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক ঘোষণায় মিন লিয়াওকে নতুন দায়িত্বের জন্য মনোনয়নের কথা জানান।
আইএমএফের তথ্য অনুযায়ী, মিন লিয়াও ২০১৮ সালের মে মাস থেকে চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সাল পর্যন্ত তিনি দেশটির সেন্ট্রাল ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স কমিশন অফিসের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চীনের মুদ্রানীতি কমিটির সদস্য। রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
এর আগে মিন লিয়াও চীনের সেন্ট্রাল লিডিং গ্রুপ ফর ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের আন্তর্জাতিক অর্থনীতি ব্যুরোর মহাপরিচালক হিসেবে কাজ করেন। পেশাজীবনের শুরুতে তিনি পিপলস ব্যাংক অব চায়না, চায়না এভারব্রাইট গ্রুপ ও ব্যাংক অব চায়নায় কাজ করেছেন। পরবর্তী সময়ে চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের জেনারেল অফিসের মহাপরিচালক এবং সাংহাই ব্যাংকিং রেগুলেটরি ব্যুরোর মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং, আর্থিক নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। শিক্ষাজীবনে তিনি পিকিং ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
এদিকে বিদায়ী উপব্যবস্থাপনা পরিচালক বো লির অবদানের প্রশংসা করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, ২০২১ সালের আগস্টে আইএমএফের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দলে যোগ দেওয়ার পর থেকে বো লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বৈশ্বিক অর্থনীতির নানা সংকটময় সময়ে তাঁর বিচারবুদ্ধি, দক্ষতা ও সহমর্মিতা সংস্থাটিকে দিকনির্দেশনা দিয়েছে।
জর্জিয়েভার ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে বো লি প্রায় ৯০টি সদস্য দেশের জন্য আইএমএফের নীতিগত কার্যক্রম তদারক করেছেন। তিনি সংস্থাটির প্রথম এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট নীতি ও রোডম্যাপ প্রণয়ন এবং তথ্য ব্যবস্থাপনা কাঠামো আধুনিকায়নে নেতৃত্ব দেন। পাশাপাশি ডিজিটাল মুদ্রা, আন্তসীমান্ত লেনদেন, স্টেবলকয়েন নিয়ন্ত্রণ, ঋণ পুনর্গঠন, ক্ষুদ্র উন্নয়নশীল রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা এবং সুশাসন ও দুর্নীতি দমন কার্যক্রমেও ভূমিকা রাখেন।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) নজরদারি, ঋণদান ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমে যুক্ত করার উদ্যোগেও কাজ শুরু করেছিলেন বো লি। তাঁর অবদানের কথা স্মরণ করে জর্জিয়েভা বলেন, আইএমএফে বো লি স্থায়ী অবদান রেখে গেছেন। তাঁর বন্ধুত্ব, পরামর্শ ও সদস্য দেশগুলোর প্রতি নিষ্ঠার জন্য তিনি কৃতজ্ঞ।
নতুন মনোনীত মিন লিয়াও সম্পর্কে আইএমএফ প্রধান বলেন, ব্যাংকিং, আর্থিক নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় তাঁর তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক নীতি সমন্বয় এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় রাজস্ব, আর্থিক ও বাণিজ্য সহযোগিতায় তাঁর সম্পৃক্ততা রয়েছে। অভ্যন্তরীণ সংস্কার ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতায় তাঁর অভিজ্ঞতা আইএমএফ এবং সদস্য দেশগুলোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।