ঐশীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সতর্ক করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ছড়িয়ে পড়েছে। ওই অ্যাকাউন্ট থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করেছেন অভিনেত্রী।

ঐশী জানিয়েছেন, তাঁর নামে খোলা অ্যাকাউন্টটি ভুয়া এবং সেটি তিনি পরিচালনা করেন না। তাঁর কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই। এটিই তাঁর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, বিনোদন অঙ্গনের কয়েকজন ওই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ পাওয়ার পর সেটি তাঁর কি না, তা নিশ্চিত হতে যোগাযোগ করেন। এরপরই বিষয়টি পরিষ্কার করে নিজের অবস্থান জানান ঐশী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি সবাইকে ভুয়া অ্যাকাউন্টটির সঙ্গে যোগাযোগ না করার এবং সেখান থেকে পাঠানো কোনো বার্তার জবাব না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অ্যাকাউন্টটি শনাক্ত করতে পারলে ফেসবুকে রিপোর্ট করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বিষয়টি বুঝতে পারা এবং পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *