আড়াইহাজারে ভেজাল আইসক্রিমবোঝাই ট্রাক আটক, মামলা

মনিরুল ইসলাম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ভরসা স্লাইস’ নামে ভেজাল পাইপ আইসক্রিমবোঝাই একটি কার্গো ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করে ট্রাকে থাকা তিনজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মদনপুর-নরসিংদী সড়কের ব্রাহ্মন্দী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ব্রাহ্মন্দী পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠসংলগ্ন স্থানে জনতা ভেজাল কমলা রঙের ‘ভরসা স্লাইস’ পাইপ আইসক্রিমবোঝাই একটি হলুদ ও নীল রঙের কার্গো ট্রাক আটক করে রাখে। পরে আড়াইহাজার থানার এসআই মোহাম্মদ বিন আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান।

পুলিশ ট্রাকটি তল্লাশি করে ১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ১২০ বাক্স আইসক্রিম উদ্ধার করে। প্রতিটি বাক্সে ২৪০ পিস করে মোট ২৮ হাজার ৮০০ পিস ‘ভরসা স্লাইস’ নামে কমলা রঙের পাইপ আইসক্রিম ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-৬১৫৬।

এ সময় ট্রাকে থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার আ. মোতালেবের ছেলে মোস্তাক মিয়া (২১), হাবিবুর রহমানের ছেলে জুনায়েদ এবং একই গ্রামের আবুল খায়েরের ছেলে ইমন মিয়া (১৯)-কে আটক করা হয়। তারা ট্রাকটির চালক ও হেলপার বলে জানা গেছে।

এ ঘটনায় এসআই মোহাম্মদ বিন আসাদ বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। পরে আটক তিনজনকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *