মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরেছিলেন। তার ঘরানার চারটি পত্রিকা বাদে দেশের সব পত্রিকা তিনি বন্ধ করে দিয়েছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছিলেন। অথচ স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, **আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন বেগম খালেদা জিয়া।** দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে অমানবিক জুলুম-নির্যাতনের মুখেও ইস্পাত কঠিন দৃঢ়তায় তিনি বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। তার সেই অটল নেতৃত্ব ইতিহাসে অমর হয়ে থাকবে।
তিনি আরও বলেন, জুলুমের সময়েও পিছু না হটা, আপস না করার মানসিকতা থেকেই এ জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে পথ হারায়নি। বেগম খালেদা জিয়া প্রথমত বাংলাদেশের ছিলেন, শেষত তিনি বাংলাদেশেরই থেকে গেছেন। এ দেশের মানুষের হৃদয়ে তার স্থান চির অম্লান হয়ে থাকবে।
নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সানাউল করিম শিপলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সমিতির উপদেষ্টা মোহাম্মদ রবি হোসেন, দৈনিক আজকের নিরবাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং স্বদেশ টিভির চেয়ারম্যান দৌলত হোসেন আবির।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি হাফেজ রাহাদ হোসেন। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।