মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ইয়াবা এবং বিপুল পরিমাণ নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (১১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী এসব তথ্য জানায়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি সোনারগাঁও-নারায়ণগঞ্জ এলাকার নির্দিষ্ট কয়েকটি স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সোনারগাঁও আর্মি ক্যাম্পের নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশের সহযোগিতায় মুন্সীপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি নাঈমের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে নাঈমের ঘর থেকে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা নগদ, ১০৫ পিস ইয়াবা এবং ১৩টি দা, ছুরি ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাঈম (৩৮), বাড়ি ধন্দি ভিটি কামালদি, প্রভাকরদি এলাকার রুবেল ভূঁইয়া (৩৩), ধন্দি ভিটি কামালদি এলাকার সুমন (৩০) এবং নাঈমের স্ত্রী রুনা আক্তার (৩৪)।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও নগদ টাকার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।