আল শামালে যোগ দিচ্ছেন সাবেক ম্যানসিটি তারকা মাহরেজ

স্পোর্টস ডেস্ক:

সৌদি আরবের ক্লাব আল আহলি ছাড়ার পর নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ। ম্যানচেস্টার সিটির সাবেক এই উইঙ্গার কাতারের ক্লাব আল শামাল এসসির সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, কাতার স্টার্স লিগের ক্লাবটির সঙ্গে প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী মাহরেজ। চুক্তিতে আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ থাকবে।

আলজেরিয়ান সংবাদমাধ্যম ডিজেডফুট প্রথম মাহরেজের আল শামালে যাওয়ার খবর প্রকাশ করে। পরে কাতারি সংবাদমাধ্যম উইনউইনও একই তথ্য জানায়। চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আগে স্বাস্থ্য পরীক্ষা দিতে আগামী সপ্তাহের শুরুতে কাতারে যাওয়ার কথা রয়েছে মাহরেজের।

উইনউইনের প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ কয়েকটি ক্লাব, এমএলএসের কয়েকটি দল এবং স্থানীয় লিগের প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর আগ্রহ থাকলেও মাহরেজ আল শামালের প্রস্তাবকে গুরুত্ব দিয়েছেন। ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাওয়ার বিষয়টি তাকে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার হয়ে খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মাহরেজ। আল শামালে যোগ দিলে আক্রমণভাগে দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থ বাগদাদ বুনেদজাহকে পাশে পাবেন তিনি।

আল আহলির হয়ে মাহরেজ ১২২ ম্যাচ খেলেছেন। এ সময়ে তার গোলসংখ্যা ৩৭ এবং অ্যাসিস্ট ৪৬টি। ক্লাবটির হয়ে তিনি এএফসি চ্যাম্পিয়নস লিগ ও একটি সৌদি সুপার কাপ জিতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *