আশুলিয়ায় পৃথক অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার

আলমাস হোসাইন:

ঢাকার আশুলিয়ায় পৃথক স্থানে অভিযানে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (১৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা। এর আগে শুক্রবার (১২ জুন) বিকেল থেকে শনিবার ভোররাত পর্যন্ত আশুলিয়ার জামগড়া, তাজপুর, গাজীরচট এবং কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ঝাওয়ারকান্দি এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. সজিব হোসেন (২০), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বেতুয়া এলাকার মো. মেজবাহ আলীর ছেলে মো. তামিম (২১), জামালপুর সদর থানার নান্দিনা এলাকার মো. এমদাদুল হকের ছেলে মো. আকাশ হোসাইন (২৫), ঠাকুরগাঁও সদর থানার পাটিয়া ডাঙ্গি এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. মাজেদুল ইসলাম হৃদয় (২৫), আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. ইসরাফিল হাওলাদার (৪৫) এবং একই এলাকার মৃত মো. আলী হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (৩২)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানায় কর্মরত এসআই বিএম মেহেদী হাসান তার সঙ্গীয় ফোর্সসহ পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় ইসরাফিল হাওলাদারের বাড়িতে অভিযান চালান। এ সময় ৪০ লিটার চোলাই মদসহ ইসরাফিল ও ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত সাড়ে ৮টার দিকে এসআই মো. জুয়েল রানা তার সঙ্গীয় ফোর্সসহ জামগড়া শিমুলতলা এলাকায় মৃধা বাড়ির পেছনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ সজিব ও তামিমকে গ্রেপ্তার করেন। এরপর রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এসআই নজরুল ইসলাম গাজীরচট হাইস্কুল রোড এলাকায় দারদা গার্মেন্টসের গলির মাথায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ মাজেদুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেন।

অন্যদিকে শনিবার ভোররাতে এসআই মো. দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার ইয়ারপুর তাজপুর পালোয়ান বাড়ির মসজিদ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আকাশ হোসাইনকে গ্রেপ্তার করেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *