আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হবে এবং শেষ পর্যন্ত জয়ী হবে ইরান—এমন পূর্বাভাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন জে. মিয়ারশাইমার। তার মতে, শুধু বিমান হামলা চালিয়ে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। অথচ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান হামলার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থা বদলে দেওয়ার চেষ্টা করেছেন। এর পরিণতিতে যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নিতে হতে পারে। একই সঙ্গে ইরানের পাল্টা আঘাতে আন্তর্জাতিক অর্থনীতিতে আরও বড় ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
সম্প্রতি ‘মার্গালা ডায়ালগ’-এ দেওয়া প্রায় দুই ঘণ্টার এক বক্তৃতায় এসব কথা বলেন অধ্যাপক মিয়ারশাইমার। আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তন, বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা থেকে বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থায় উত্তরণের বিষয়গুলো তুলে ধরেন তিনি। তার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।
৭৮ বছর বয়সি এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে, আন্তর্জাতিক রাজনীতি ক্রমেই বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ১৯৯২ থেকে ২০১৭ সাল পর্যন্ত একমেরুকেন্দ্রিক বিশ্বে যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হিসেবে আধিপত্য বিস্তার করেছে। সেই সময়ের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ছিলাম গডজিলার মতো, এবং আমরা সারা বিশ্বে ছুটে বেড়িয়ে প্রতিটি রাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ করেছি। সেটিই ছিল একমেরুকেন্দ্রিক মুহূর্ত।’
দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বে বেড়ে ওঠা মিয়ারশাইমার যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গও তুলে ধরেন। ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে সেই যুগের অবসান ঘটে। বৃহৎ শক্তিগুলোকে ‘গরিলা’র সঙ্গে তুলনা করে তিনি বলেন, এসব শক্তি আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং নানা সমস্যার সৃষ্টি করে। তাই তাদের পারস্পরিক প্রতিযোগিতার দিকে বিশ্বের নজর রাখা উচিত।
যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা ও পাকিস্তানের অবস্থান
মিয়ারশাইমারের মতে, একবিংশ শতাব্দীর বাকি সময়ের জন্য যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাই হবে প্রধান বৃহৎ শক্তির দ্বন্দ্ব। প্রথমবারের মতো ইউরোপের তুলনায় পূর্ব এশিয়া যুক্তরাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ চীন এখন ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী।
‘পিভট টু এশিয়া’ বা এশিয়ামুখী নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর মূল উদ্দেশ্য ছিল পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে চীনকে কৌশলগতভাবে চাপে রাখা।
যুক্তরাষ্ট্র ও চীনের এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পাকিস্তানের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। উভয় দেশের সঙ্গে ইসলামাবাদের ভারসাম্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করে মিয়ারশাইমার বলেন, চীন ও যুক্তরাষ্ট্র—দুই দেশের সঙ্গেই পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। এখনো কোনো একটি পক্ষ বেছে নিতে দেশটিকে বাধ্য করা হয়নি, যা পাকিস্তানের স্বার্থের অনুকূলে।
তবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এশিয়াজুড়ে নিরাপত্তা প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেন তিনি। চীনের শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রচেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো চীনও উল্লেখযোগ্য সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা অর্জন করতে চায়।
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র
অধ্যাপক মিয়ারশাইমারের মতে, পারস্য উপসাগর ও ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র বর্তমানে পূর্ব এশিয়ায় যথেষ্ট মনোযোগ দিতে পারছে না। ফলে এশিয়ামুখী নীতির পরিবর্তে অঞ্চলটি থেকে মার্কিন মনোযোগ সরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে গভীরভাবে জড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এখন পূর্ব এশিয়ায় কোনো সংকট কিংবা চীনের সঙ্গে নতুন সংঘাতে জড়াতে চায় না। পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াতে পূর্ব এশিয়া থেকে গুরুত্বপূর্ণ নৌবহর সরিয়ে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মিয়ারশাইমারের ধারণা, কৌশলগত চাপে থাকার কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি নমনীয় আচরণ করছেন। তবে ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র আবারও এশিয়ায় মনোযোগ দেবে। তখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে পারে, যা পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ হবে।
যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির সমালোচনা করে তিনি বলেন, দেশটি যুদ্ধে জড়িয়ে পড়তে অভ্যস্ত হয়ে উঠেছে। আফগানিস্তানে পরাজয় ও ইরাকে রক্তক্ষয়ী যুদ্ধের পরও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আবার যুদ্ধে জড়ানোকে তিনি অযৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।
ইরান যুদ্ধের প্রসঙ্গে মিয়ারশাইমার বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প বিমান হামলার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করেছেন। কিন্তু ইতিহাসে শুধু বিমান শক্তি ব্যবহার করে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের নজির নেই। এ জন্য স্থল অভিযান প্রয়োজন হয় বলে মনে করেন তিনি।
তার পূর্বাভাস, এ যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হবে এবং ইরান জয়ী হবে। ইরানের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির ওপর আরও বড় প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন তিনি।
গাজায় ইসরাইলের অভিযান ও যুক্তরাষ্ট্রের ভূমিকা
গাজায় ইসরাইলের সামরিক অভিযানেরও কঠোর সমালোচনা করেন মিয়ারশাইমার। তার অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরাইল গাজাকে জাতিগতভাবে নির্মূল করার সুযোগ হিসেবে নিয়েছে এবং তাদের সামরিক অভিযান গণহত্যায় রূপ নিয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনিদের বিতাড়িত করার উদ্দেশ্যে এ অভিযান চালানো হলেও তারা গাজা ছাড়েনি। পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের জর্ডানে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। গাজাকে বন্দিশিবিরে পরিণত করে আরেকটি ‘নাকবা’ বা বিপর্যয় তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন এই রাষ্ট্রবিজ্ঞানী।
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ড সম্ভব হতো না উল্লেখ করে তিনি বলেন, ‘এটি বোঝা খুবই জরুরি যে যুক্তরাষ্ট্র এই গণহত্যার সহযোগী।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক আইন
মিয়ারশাইমারের মতে, ২০১৭ সাল থেকে বিশ্বব্যবস্থা আবারও বহুমেরুকেন্দ্রিক রূপ নিচ্ছে। বর্তমানে তিনটি বৃহৎ শক্তি রয়েছে—যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এখনো সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, চীন খুব কাছাকাছি অবস্থানে রয়েছে এবং এই তিন শক্তির মধ্যে রাশিয়া তুলনামূলকভাবে দুর্বল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের সামান্য অংশ দখল করতেই রাশিয়াকে হিমশিম খেতে হচ্ছে। রুশ সেনাবাহিনী ততটা দক্ষ বা বিপজ্জনক নয় উল্লেখ করে তিনি পুরো ইউক্রেন কিংবা পূর্ব ইউরোপ দখলের সম্ভাবনা নাকচ করেন।
তবে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাকে তিনি ‘পাগলামি’ বলে অভিহিত করেন। তার মতে, এর ফলে রাশিয়া চীনের দিকে আরও বেশি ঝুঁকে পড়ছে। ক্ষমতার ভারসাম্যের নীতি অনুযায়ী, চীনকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রের উচিত ছিল রাশিয়াকে নিজেদের মিত্র হিসেবে ধরে রাখা।
আন্তর্জাতিক রাজনীতিকে হতাশাজনক উল্লেখ করে বক্তৃতার শেষাংশে মিয়ারশাইমার বলেন, বৃহৎ শক্তিগুলো নিজেদের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আইন তৈরি করে। কিন্তু নিজেদের স্বার্থের পরিপন্থি হলে তারাই আবার এসব আইন ও নিয়ম অমান্য করে। তার মতে, আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন মূলত দুর্বল রাষ্ট্রগুলোর ওপর বেশি কার্যকর হয়; শক্তিশালী রাষ্ট্রগুলোর ওপর নয়।