ধর্ম ডেস্ক:
মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আলাদা স্থান রাখার অনুমোদন দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার ঐতিহাসিক মসজিদসহ বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে।
এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের জন্য শুধু জুমার নামাজ, তারাবিহ ও ঈদের নামাজের সময় কিংবা ব্যস্ত মৌসুমে নামাজের ব্যবস্থা করা হতো। বছরের অন্য সময় এসব স্থান বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নারীরা এসব স্থানে নামাজ আদায় করতে পারবেন।
এর ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্য কোনো কাজে থাকা নারীদের নামাজের সময় আদায়ের জন্য বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।
তবে মসজিদে নববী এ সিদ্ধান্তের আওতায় পড়ছে না। সেখানে আগে থেকেই নারীদের জন্য নামাজ আদায়ের নির্ধারিত স্থান রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনা ও নিরাপত্তায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।