ঈদগাঁওয়ে অবৈধ করাতকল ও ইটভাটায় অভিযান ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা ও আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটার মালিক ও ম্যানেজারকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পোকখালী ব্রিজসংলগ্ন এলাকায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে করাতকল (স’মিল) পরিচালনার দায়ে মোফিজ উদ্দিন (৩৬) ও শামসুল আলম (৫২)-কে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ওই করাতকলে সংরক্ষিত গোল কাঠ ও চালু অবস্থায় থাকা দুটি মেশিন জব্দ করার জন্য ভোমরিয়া রেঞ্জ, ঈদগাঁওয়ের রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।

অন্যদিকে, জালালাবাদ ইউনিয়নে অবস্থিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় ইটভাটার মালিক শামসুদ্দিন (৫২) ও ম্যানেজার সালামত উল্লাহকে (৫০) মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), পুলিশ সদস্য, আনসার সদস্য এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, ঈদগাঁও উপজেলাবাসীর স্বার্থ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *