উখিয়ার আশ্রয়শিবিরে দুই অটোরিকশার সংঘর্ষে রোহিঙ্গা যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষে অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বালুখালী আশ্রয়শিবিরের ১৮ নম্বর ক্যাম্পের এফ-৩০ ব্লকের ‘তিন রাস্তার মাথা’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাশিম ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৭৫ ব্লকের বাসিন্দা নুরুল আলমের ছেলে।

আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা কামাল হোসেন জানান, ক্যাম্পের ভেতরে রোহিঙ্গাদের যাতায়াতের জন্য এক হাজারের বেশি সিএনজি ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। সকালে তিন রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত নয়জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আশ্রয়শিবিরের ভেতরে এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. হাশিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাশিমের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বিকেলে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *