পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি সংলগ্ন মাদ্রাসার পূর্ব পাশের পাকা সড়কে ওই শিক্ষার্থী যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পরদিন ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী শিক্ষার্থী পাঁচজনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগও করা হয়েছে।
মামলার এজাহারে নাম থাকা আসামিরা হলেন—খলিল মৃধার ছেলে রিফাত মৃধা, সাত্তার তালুকদারের ছেলে হাসান তালুকদার, হানিফ তালুকদারের ছেলে মাহিন তালুকদার, জলিল হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার এবং আব্দুর রব তালুকদারের ছেলে রফিক তালুকদার।
শনিবার বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা পালিয়ে থাকায় এখন পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে, পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে প্রক্টোরিয়াল টিমকে নির্দেশ দেওয়া হয়েছে।