এক মুহূর্তের অসাবধানতা, নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

স্টাফ রিপোর্টার:  রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন আবাসিক ভবনে কাজ করার সময় নিচে পড়ে মোহাম্মদ ইউসুফ (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খনচপাড়া এলাকার পিয়ার মোল্লার ছেলে। তিনি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন এবং সেখানেই অবস্থান করতেন।

ইউসুফের ভাতিজা মো. শাকিল জানান, চারতলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন ইউসুফ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *