অনলাইন ডেস্ক:
দেশের সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ‘এসআরইউ ডিএমপি’ নামে কার্যক্রম পরিচালনা করবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে এটিইউর সদর দপ্তরে থাকা কর্মকর্তাদের সারাদেশে এক্সট্রিমিস্ট কার্যক্রমের ক্ষেত্রে কাজ করার এখতিয়ার ছিল। এখন একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে এসআরইউকে নিয়ে আসা হচ্ছে।
তিনি জানান, দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় প্রয়োজন অনুযায়ী এসআরইউর শাখা গঠন করা হবে। এসব শাখা সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কমান্ডে পরিচালিত হবে। তবে সামগ্রিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় কমান্ড থাকবে এসআরইউর দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপির অধীনে।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যেক মেট্রোপলিটন এলাকায় প্রয়োজন অনুযায়ী এসআরইউর শাখা গঠন করা হবে। এসব ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক সদস্য ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ঢাকায় সিটিটিসি ‘এসআরইউ ডিএমপি’ নামে কার্যক্রম পরিচালনা করবে।
মন্ত্রী জানান, দেশের অন্য যেসব এলাকায় প্রয়োজন হবে, সেখানেও এসআরইউর প্রয়োজনীয় ইউনিট গঠন করা হবে। কেন্দ্রীয় সমন্বয়ের জন্য এসআরইউর প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও বলেন, সিটিটিসি আনুষ্ঠানিকভাবে আলাদা কোনো ইউনিট হিসেবে গঠিত ছিল না। এটি ডিএমপির অধীনেই কার্যক্রম পরিচালনা করত। এখন প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে একটি অভিন্ন সাংগঠনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে।