এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর সাত দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার রিমান্ডের আবেদন করেন। পুলিশ জানিয়েছে, আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

দুপুর ২টা ২২ মিনিটের দিকে পুলিশের একটি গাড়িতে করে গাজী নজরুল ইসলাম ও মাকছুদাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুল ইসলামের। সেখানে তিনি তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন।

এ ঘটনায় রোববার গভীর রাতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

পরে পুলিশ গাজী নজরুল ইসলাম ও মাকছুদাকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি ওবায়দুর রহমান পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মরিয়মের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ। রিমান্ড আবেদনের ওপর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *