নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
পুলিশ সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রোববার রাত ৭টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।
মরিয়ম খাতুনের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে এর বেশি কোনো তথ্য জানা যায়নি। ঘটনাটি নিয়ে পরবর্তী কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।