জ্যেষ্ঠ প্রতিবেদক:
ভোর থেকে টানা মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা দ্রুত নিরসনে দিনভর মাঠপর্যায়ে তৎপরতা চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও পানি নিষ্কাশন কার্যক্রম তদারক করতে মাঠে ছিলেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। তবে দিনভর জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।
রোববার (২০ সেপ্টেম্বর) জলাবদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), পলাশী মোড় ও নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক। এ সময় তিনি বর্জ্য অপসারণ ও পানি নিষ্কাশন কার্যক্রম সরাসরি তদারক করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র রাসেল রহমান বলেন, ভোর ৪টা থেকে বজ্রসহ ভারী বর্ষণের কারণে ডিএসসিসির আওতাধীন বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরবাসীর ভোগান্তি কমাতে ভোর থেকেই ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে নামে।
তিনি বলেন, ড্রেনের মুখ পরিষ্কার, জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ অব্যাহত রয়েছে। পাশাপাশি পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্তকরণ অভিযানও পরিচালনা করা হচ্ছে।
সরেজমিনে পরিদর্শনের সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা শিথিলতা দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ফজরের সময় থেকেই কর্মীদের পুরোপুরি কাজে নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তা শতভাগ বাস্তবায়িত হয়নি।
প্রশাসক বলেন, সারারাত বৃষ্টির কারণে পরিচ্ছন্নতার স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছিল। তবে বৃষ্টি কমার পর কর্মীদের যে গতিতে কাজে নামার কথা ছিল, তাতে কিছুটা গাফিলতি দেখা গেছে। নির্দেশনায় অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে অসচেতনতা ও অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার বিষয়টিকে দায়ী করেন ডিএসসিসির প্রশাসক। তিনি বলেন, রাস্তায় ফেলে দেওয়া পলিথিন, চায়ের কাপ ও প্লাস্টিক বর্জ্য ড্রেনের মুখ বন্ধ করে দেয়। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ফুটপাত দখল প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনোভাবেই সড়কের ওপর হকার বসতে দেওয়া হবে না। তবে পথচারীদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি না করে এমন কিছু বড় ফুটপাতে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে হকারদের বিষয়ে চিন্তাভাবনা করা হতে পারে। এ বিষয়ে পরবর্তী সময়ে হকার নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
একই সঙ্গে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।