মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পরিকল্পনাবিদকে সরালেন হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযান নিয়ে আলোচনা চলার মধ্যেই এ সিদ্ধান্তের খবর সামনে এসেছে।

বরখাস্ত হওয়ার আগে ব্রেট সিলভিয়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে সিলভিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। একইভাবে, ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের সঙ্গে এ সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে একই পদে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও হেগসেথের উদ্যোগে অবসরে যেতে হয়েছিল। ফলে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পরিবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে, ব্রেট সিলভিয়ার ৩২ বছরের সামরিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জয়েন্ট স্টাফ। সংস্থাটির এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, জয়েন্ট স্টাফের চেয়ারম্যান এবং যৌথ সামরিক বাহিনীর পক্ষ থেকে সিলভিয়া ও তাঁর পরিবারের প্রতি দেশের সেবায় ৩২ বছরের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।

ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চললেও সিলভিয়াকে বরখাস্তের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *