ঝালকাঠি প্রতিনিধি:
ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার না হওয়াকে “জুলাই আন্দোলনের পরাজয়” হিসেবে উল্লেখ করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছে।
সোমবার (১১ মে) বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে ওসমান হাদি স্মৃতি মঞ্চের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মাসুমা হাদি বলেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাই আন্দোলনের যে চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা—তা ব্যর্থ হয়ে যাবে।”
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তুলে এনে নিজেদের দেশের বাস্তব পরিস্থিতিকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি দাবি করেন, বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীলতার উদাহরণও রয়েছে, যেখানে মুসলমানরা মন্দির পাহারার মতো দায়িত্বও পালন করছে।
মাসুমা হাদি আরও বলেন, “ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে আমরা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমরা এখান থেকেই আন্দোলনের যাত্রা শুরু করেছি, যা শেষ হবে শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে, ততদিন আমরা ঘরে ফিরবো না।”
তিনি বলেন, এটি শুধু একটি হত্যার বিচার নয়, বরং ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রশ্ন। তাঁর ভাষায়, “এটা বাংলাদেশের জয়-পরাজয়ের বিষয়। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে নাকি হেরে যাবে—সেটাই এখন প্রশ্ন।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ওসমান হাদির বোন জামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহিদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার, ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাতসহ অনেকে।
বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।