মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজারে সংঘটিত একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় কথিত ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন—শাহজাহান আলম প্রকাশ বাদল (৪২) ও মো. সজীব (২৩)। পুলিশের দাবি, শাহজাহান আলম প্রকাশ বাদলের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ২টা ৫২ মিনিট থেকে ৩টা ৫ মিনিটের মধ্যে রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী বারিয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় একটি সশস্ত্র দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বলে অভিযোগ করা হয়। পরে তারা ১৮ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার পর কক্সবাজার জেলা পুলিশের একাধিক আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলম প্রকাশ বাদল ও মো. সজীবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন সাদা-সিলভার রঙের হাইস গাড়ি, দুটি মোটরসাইকেল, সাতটি মাস্ক এবং শাহজাহান আলম প্রকাশ বাদলের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গাড়িটির ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অপরাধীরা কৌশলে হাইস গাড়ির রং ও নম্বর পরিবর্তন করে এবং কখনো মোটরসাইকেল ব্যবহার করে ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা চকরিয়া এলাকার কথিত ‘তৌহিদ বাদল গ্রুপ’ ও তাদের সহযোগীদের সঙ্গে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।