মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজারের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোর অন্যতম কোর্ট হিল এলাকায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শৌচাগারের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন বিচারপ্রার্থী, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ সেবাগ্রহীতারা।
প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত মানুষ আদালত-সংক্রান্ত বিভিন্ন কাজে কোর্ট হিলে আসেন। কিন্তু সেখানে প্রয়োজনীয় ও ব্যবহারযোগ্য শৌচাগারের ব্যবস্থা না থাকায় নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
সেবা প্রত্যাশীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা আদালত প্রাঙ্গণে অবস্থান করলেও প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে নারী বিচারপ্রার্থীদের জন্য এ পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর ও মানবেতর হয়ে উঠেছে।
আইনজীবী ও আদালতে আসা কয়েকজন ব্যক্তি জানান, একটি জেলা আদালত প্রাঙ্গণে পর্যাপ্ত শৌচাগার না থাকা অত্যন্ত দুঃখজনক। আধুনিক ও জনবান্ধব আদালত ব্যবস্থা গড়ে তুলতে হলে মৌলিক সেবাগুলো নিশ্চিত করা জরুরি।
সংশ্লিষ্টদের মতে, কোর্ট হিলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হলেও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শৌচাগারের বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। এতে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
সচেতন মহল দ্রুত কোর্ট হিল এলাকায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বিচারপ্রার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।