কলাতলীর শালিক রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

কক্সবাজার স্টাফ রিপোর্টার:

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আলোচিত শালিক রেস্তোরাঁর মালিক নাসির উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে এক যুবককে অপহরণ করে ঢাকায় নিয়ে তিনদিন ধরে অমানবিক নির্যাতন চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার যুবকের নাম স্বাধীন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কৌশলে স্বাধীনকে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি অন্ধকার কক্ষে টানা তিনদিন তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এ সময় তাকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগীর দাবি, নির্যাতনের একপর্যায়ে তাকে নগ্ন করে আপত্তিকর ভিডিও ধারণ করা হয় এবং জোরপূর্বক বিভিন্ন বক্তব্য রেকর্ড করানো হয়, যাতে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেইল করা যায়।

নির্যাতনের কারণে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিমানে করে কক্সবাজার পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

রোববার বিকেলে কক্সবাজার বিমানবন্দর গেইট এলাকা থেকে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের কাছে বেরিয়ে আসে ভয়াবহ নির্যাতনের বর্ণনা।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই এ ঘটনাকে নৃশংস ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তাদের ভাষ্য, বাস্তবের এই বিভীষিকা যেন কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানিয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীর পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *