শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্ত মো. রিজভী (২৪) পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার রাকিব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সোমবার সকালে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বাড়ির সামনে একটি দোকানে কেনাকাটা করতে যান। এ সময় রিজভী কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন বলে অভিযোগ। ছাত্রী দোকানের সামনে গেলে তাঁকে টেনে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ছাত্রীর পরিবার রিজভী, তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।
স্বজনদের অভিযোগ, কলেজে যাতায়াতের পথে রিজভী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি তাঁর মা-বাবাকে জানানো হলেও তাঁরা ছেলেকে শাসন না করে বরং ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন বলে অভিযোগ স্বজনদের। তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রীর পরিবার।
অভিযোগের বিষয়ে জানতে রিজভীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, অভিযোগ পাওয়ার পর থেকেই ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বলেন, স্বজনদের দেখানো বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখনো ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।