ডি থ্রি ট্রফিতে রাজ্জাককে কোচ ও মিরাজকে নেওয়ার ব্যাখ্যা ওয়ালটনের

ক্রীড়া প্রতিবেদক:

ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’কে ঘিরে দল গোছানোর কাজ এগিয়ে নিচ্ছে ছয় ফ্র্যাঞ্চাইজি। ইতোমধ্যে আইকন ক্রিকেটার ও ম্যানেজমেন্ট ড্রাফটের মাধ্যমে দলগুলোর গুরুত্বপূর্ণ সদস্য নির্বাচন করা হয়েছে। ওয়ালটন গ্রুপও নিজেদের কোচিং প্যানেল ও স্কোয়াড নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করেছে।

ওয়ালটনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। তার সঙ্গে কোচিং প্যানেলে রয়েছেন তুষার ইমরান। রাজ্জাককে প্রধান কোচ হিসেবে বেছে নেওয়ার বিষয়ে ওয়ালটন গ্রুপের কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন বলেন, ‘রাজ্জাক ভাই অবশ্যই একজন উঁচু মানের খেলোয়াড় থেকে কোচিং পেশায় এসেছেন। তুষার ইমরান ভাইও দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের কোচিং প্যানেল যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী।’

এদিকে আইকন ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ওয়ালটন। মিরাজকে দলে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে রবিউল ইসলাম মিল্টন বলেন, ‘মিরাজকে নিয়ে প্ল্যান ছিল মিজান ভাইয়ের এবং আমাদের। আমরা দুজনই মিরাজকে বলে রেখেছিলাম যে, আমরা যদি আগে ডাক পাই, তোমাকে নেব। মিরাজ বলেছে, “ভাই, যেটা ভালো হয় আপনারা কইরেন।”’

মিরাজকে দলে পাওয়ার বিষয়টি ওয়ালটনের পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও জানান মিল্টন। তিনি বলেন, ‘এখানে হারিয়ে দেওয়ার কিছু নেই, বরং মিরাজ আমাদের প্ল্যানিংয়ে ছিল। মিরাজকে পেয়েছি। সেটা আমাদের উজ্জীবিত এবং খুশি করেছে।’

গত রোববার ‘ডি থ্রি ট্রফি’র ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার অনুষ্ঠিত হয় ম্যানেজমেন্ট ড্রাফট। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ছয় দলের কোচিং কাঠামোও চূড়ান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *