কারওয়ান বাজারে ছুরিকাঘাতে আহত পথচারী, হামলাকারীকে ধরে পুলিশের হাতে দিলেন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে এক পথচারীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও ওই পথচারী হামলাকারীকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পথচারী ও আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে এক পথচারী গুরুতর আহত হন। তবে আহত অবস্থাতেই তিনি অপর ব্যক্তিকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করে পুলিশে খবর দেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি অপর একজনকে মারধর করছেন। তাঁর পিঠে ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং পরনের জামা ছেঁড়া ছিল। এ সময় আশপাশে থাকা আরও কয়েকজনকে ওই ব্যক্তিকে মারধর করতে দেখা যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান বলেন, ‘ছিনতাইকারী বলব না, যাকে মারধর করা হয়েছে তিনি মাদকসেবী। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।’

ওসি জানান, ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এখনো সংশ্লিষ্টদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *