খসরু মৃধা:
গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. কে. এম. ফজলুল হক মিলন। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাস্টার এবং সদস্যসচিব খালেকুজ্জামান (বাবলু)।
মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নির্মাণাধীন নতুন এই চারতলা ভবনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।