কাশ্মীরে নিহতের দাবি, পাকিস্তানে সাংবাদিকদের সামনে হাজির সেই ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পাকিস্তানের এক সাবেক সেনা ও বিদ্রোহী কমান্ডারকে হত্যার দাবি করেছিল ভারতের সেনাবাহিনী। পরে তার ছবি ও পরিচয় প্রকাশ করে খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম। তবে পাকিস্তান ওই ব্যক্তিকে সাংবাদিকদের সামনে হাজির করে দাবি করেছে, তিনি জীবিত ও সুস্থ আছেন।

ঘটনাটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, ভারতীয় সেনারা জম্মু-কাশ্মিরে কাকে হত্যা করেছে—এ নিয়ে।

গত বুধবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, মুসা ওরফে আসিফ ফওজল নামে এক বিদ্রোহী কমান্ডারকে হত্যা করা হয়েছে। ভারতের দাবি, তিনি জম্মু-কাশ্মিরে গত বছর সংঘটিত পেহেলগাম হামলার সঙ্গে জড়িত ছিলেন।

এ সময় ভারতীয় পক্ষ থেকে ওই ব্যক্তির ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। ভারত দাবি করে, তিনি একসময় পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমে ওই ছবি ও পরিচয় প্রকাশের পর বিষয়টি পাকিস্তানের সেনাবাহিনীর নজরে আসে। এর পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের পক্ষ থেকে মোহাম্মদ আসিফ নামে এক সাবেক সেনাসদস্যকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, ভারত এ ঘটনায় একটি ‘মিথ্যা গল্প’ তৈরি করেছে।

তিনি জানান, সাংবাদিকদের সামনে হাজির করা ব্যক্তি মোহাম্মদ আসিফ। তিনি ২০২৩ সালে পাকিস্তানের সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন।

সাংবাদিকদের সামনে আসিফকে পরিচয় করিয়ে দেওয়ার সময় আহমেদ শরীফ চৌধুরী হাস্যরস করে তাকে ‘সুপারম্যান’ বলে উল্লেখ করেন। এরপর আসিফকে নিজের পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের জানাতে বলেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যেও হাসির পরিবেশ তৈরি হয়।

মোহাম্মদ আসিফ সাংবাদিকদের বলেন, ভারতীয় গণমাধ্যমে তার বন্ধুরা তাকে কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবর দেখতে পান। পরে তারা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের জানান, তিনি জীবিত ও সুস্থ আছেন।

আসিফ আরও বলেন, ভারতীয় গণমাধ্যমে তার ছবি এবং ব্যক্তিগত সামরিক রেকর্ড প্রকাশ করা হয়েছে দেখে তিনি অবাক হয়েছেন। এমনকি তার জাতীয় পরিচয়পত্রও সেখানে দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, তিনি তখন নিজ বাড়িতে অবস্থান করছিলেন, অথচ ভারতীয় গণমাধ্যমে তাকে কাশ্মিরে নিহত হিসেবে দেখানো হচ্ছিল।

আসিফ বলেন, বিষয়টি দেখে তিনি বিস্মিত হয়েছেন। আল্লাহর রহমতে তিনি জীবিত ও সুস্থ আছেন এবং সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে পাকিস্তানের সেনা মুখপাত্র ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আরও অভিযোগ করেন। তার দাবি, ভারতীয় সেনারা জম্মু-কাশ্মিরে সাধারণ মুসলিমদের হত্যা করে পরে তাদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করে। এবার ভারতীয় পক্ষ একজন পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে ভারতীয় সেনাবাহিনীর দাবি এবং পাকিস্তানি পক্ষের বক্তব্যের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে, তা নিয়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *