ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শেখ মুজিবুর রহমান ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার শেখ মুজিবুর রহমানকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্ত্রী ও ছেলে আগেই মারা যাওয়ায় তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।