কিয়েভ ছাড়তে বিদেশি কূটনীতিকদের সতর্ক করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর বড় ধরনের হামলা অব্যাহত রাখার কথা জানিয়ে বিদেশি কূটনীতিকদের শহরটি ছাড়ার আহ্বান জানিয়েছে মস্কো। সতর্কবার্তা উপেক্ষা করলে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিণতির দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে বলেও জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কবার্তা দেয়। এর আগে গত মে মাসেও একই ধরনের সতর্কতা জারি করেছিল মস্কো। খবর আনাদোলুর।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর হামলার জবাবে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের সামরিক স্থাপনায় পরিকল্পিত ও সুনির্দিষ্ট হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

মন্ত্রণালয় আরও জানায়, আগের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া হয়নি। কিয়েভে এখনো বেশ কয়েকটি বিদেশি দূতাবাস তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিদেশি কর্মকর্তারাও ইউক্রেনে সফর অব্যাহত রেখেছেন।

বিবৃতিতে বলা হয়, রুশ সশস্ত্র বাহিনী বড় ধরনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। এ পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের ইউক্রেনে অবস্থান বা সেখানে ভ্রমণ না করার জন্য আবারও আহ্বান জানানো হয়েছে। এই সতর্কতার আওতায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কর্মীরাও রয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা এই আহ্বান উপেক্ষা করবেন, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিণতির সম্পূর্ণ দায়ভার তাদের ওপরই বর্তাবে।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামো, বন্দরসহ বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার করেছে। তবে বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ উভয় পক্ষই অস্বীকার করে আসছে। দুই পক্ষেরই দাবি, তাদের হামলার লক্ষ্য সামরিক স্থাপনা কিংবা সামরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *