কুমিল্লায় জমি বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ১

মোঃ আনজার শাহ:

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত উভয়ই স্থানীয় বাসিন্দা।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মির্জানগর এলাকার পুরান পাগলা বাজারে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম রবিউল, তিনি মির্জানগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। আহত ব্যক্তির নাম ফয়সাল কবীর, তিনি আগানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে নিহত রবিউলের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত ফয়সাল কবীর সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পুরান পাগলা বাজারে শফিকের চায়ের দোকানে রবিউল ও জাকিরসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে পেছন থেকে হঠাৎ রবিউল ও ফয়সালের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয় এবং ফয়সাল কবীর গুরুতর আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন ফয়সাল কবীর জানান, মির্জানগর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে রব, আলমের ছেলে নূর নবী ও মহিন, আবদুর রবের ছেলে ময়নাল এবং টুক্কু মিয়ার ছেলে কুদ্দুসসহ কয়েকজন মিলে তাদের ওপর এই এলোপাতাড়ি ছুরিকাঘাত চালায়। হামলার পরপরই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়।

নিহত রবিউলের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, “পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার ভাইকে ছুরিকাঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

তদন্ত ও বর্তমান পরিস্থিতি: স্থানীয়দের দাবি, গ্রামে একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর সাথে জমি নিয়ে বিরোধ যুক্ত হওয়ায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “ঘটনার সাথে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।”

বর্তমানে মির্জানগর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *