কুমিল্লায় বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে গত দুই মাসে প্রায় তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।ওসি জানান, গত দুই মাসে পুলিশ ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেনসিডিল, ১ হাজার ২০১ বোতল স্কার্ফ সিরাপ এবং ছয় বোতল বোটকা উদ্ধার করেছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা। অভিযানে দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।পুলিশ জানায়, এ সময়ে মাদক মামলায় ৫৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৯৪ জন, ডাকাতির মামলায় ৫৬ জন এবং ছিনতাইকারী ও চোর হিসেবে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলায় আরও ৭৫ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে দুই মাসে ২৮৬ জন গ্রেফতার হয়েছেন।ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং মেঘনা ও গোমতী নদীসহ ভৌগোলিক নানা কারণে দাউদকান্দি গুরুত্বপূর্ণ একটি থানা। পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *