মোঃআনজার শাহ
কুমিল্লায় সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কাজ করতে নবগঠিত “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, কুমিল্লা জেলা শাখা”র পরিচিতি, মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক। সভায় জেলার নবনির্মিত কমিটির নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, মর্যাদা রক্ষা এবং নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তাঁর নির্দেশনার প্রতি একাত্মতা জানিয়ে উপস্থিত সদস্যরা বর্তমান কমিটির নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক শরীফুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি এম এ কাদের অপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি বি এম মহিউদ্দিন মন্টি। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নুরুল ইসলাম শাহীন, শফিউল আলম, সৈয়দ সালাউদ্দিন, শহিদুল ইসলাম, কাজী জহিরুল ইসলাম, মাও. জামাল উদ্দিন, আব্দুল জলিল মজুমদার, রিয়াজ মোশেদ মাসুদ, আব্দুল মোতালেব, নাজমুল হাসান ও শাহাদাত কামাল শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা আয়োজন, জেলা কমিটির নিজস্ব কার্যালয় স্থাপন, নিয়মিত সভা আয়োজন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে বহু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে উপস্থিত সবাই সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।