নিজস্ব প্রতিবেদক:
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।
সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী হিসেবে এলিজা জামান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনটিতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে মঙ্গলবার (২৭ অক্টোবর)। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ উপনির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। তবে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।