আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রস্তাব ঘিরে ইসরাইলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ ধারণা নাকচ করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইসরাইল’। ব্যাংকটির মতে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব নয়।
এক সাক্ষাৎকারে নেতানিয়াহু আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে ইসরাইলের ওপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ ছাড়লে দেশটির সামরিক ও অর্থনৈতিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি। সম্ভাব্য এমন পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের পরিকল্পনার কথা জানান ইসরাইলের প্রধানমন্ত্রী।
তবে নেতানিয়াহুর বক্তব্যের পর ব্যাংক অব ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়, বিকল্প ডিজিটাল মুদ্রার ওপর নির্ভর না করে আন্তর্জাতিক বাজার ও বন্ধু দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রতিরোধে গুরুত্ব দেওয়া উচিত।
এদিকে বিরোধী দলের নেতারাও নেতানিয়াহুর প্রস্তাবের সমালোচনা করেছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ ও ইয়োভ হোরোউইৎস সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা প্রতিরোধের উদ্যোগ না নিয়ে বিকল্প ব্যবস্থার কথা বলা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তাঁদের মতে, এ ধরনের বক্তব্যে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বিনিয়োগকারীরা ইসরাইল থেকে অর্থ সরিয়ে নিলে দেশটির অর্থনীতি আরও সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।