মোঃআনজার শাহ
ঈদের আনন্দ-উৎসবকে আরও অর্থবহ ও প্রাণময় করে তুলতে কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত আব্দুল জলিল প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বরুড়া উপজেলা ফুটবল একাদশ এবং বরুড়া পৌরসভা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ কেবল একটি খেলার আয়োজনে সীমাবদ্ধ থাকেনি এটি হয়ে উঠেছে মাদকবিরোধী চেতনার এক শক্তিশালী সামাজিক বার্তা। হাজারো দর্শকের উচ্ছ্বাস আর দুই দলের তরুণ খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে দক্ষিণ লক্ষ্মীপুর মাঠ পরিণত হয় এক অভূতপূর্ব ক্রীড়া মিলনমেলায়।
দুই দলের খেলোয়াড়বৃন্দ,
বরুড়া উপজেলা ফুটবল একাদশ:
রায়হান, ফয়সাল, তামিম, মাহবুব, নাসির, নাফি, রাইসুল, শাকিব, ফরহাদ, সাব্বির, তোহা, তানজিন, বিষাদ ও রাহুল।
বরুড়া পৌরসভা ফুটবল একাদশ:
নজরুল ইসলাম সাদ্দাম, আরাফাত, ইফাদি, শান্ত, জাহিদ, শিপন, জাবরুল, রিমন, সাইফ, সিয়াম, উৎপল, সালমান, রাসেল, রায়হান, পাবেল ও রিয়াদ।
আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ,
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, ন্যাশনাল ব্যাংকের পরিচালক নাজনীন আহমেদ এবং গৃহায়ণ মন্ত্রীর সুযোগ্য কন্যা, নিশি তাহের। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে দেয় বিশেষ মর্যাদা ও গাম্ভীর্য।
কায়সার আলম সেলিমের আহ্বান, মাঠই হোক তারুণ্যের ঠিকানা,
অনুষ্ঠানে বক্তব্যে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত তরুণ-যুবকদের উদ্দেশে দৃঢ়কণ্ঠে বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি জাতির মনোবল, শৃঙ্খলা ও ঐক্যের প্রতীক। যে জাতি মাঠে সক্রিয়, সে জাতি জীবনেও এগিয়ে থাকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাঠে যে তরুণ ঘাম ঝরায়, সে কখনো অন্ধকারের দিকে পা বাড়ায় না।”
তিনি সমাজের অভিভাবকদের উদ্দেশে সরাসরি আহ্বান জানিয়ে বলেন, “আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ কেবল বিনোদনের আয়োজন নয়, এটি আমাদের যুবসমাজকে আলোর পথ দেখানোর একটি সামাজিক আন্দোলন। আমাদের তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে পারলে মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করা সম্ভব। খেলাধুলাই হোক তরুণদের নেশা মাদক নয়। একটি সুস্থ শরীর ও একটি সুস্থ মন গড়ে ওঠে খেলাধুলার মধ্য দিয়েই।”
কায়সার আলম সেলিম আরও বলেন,
“প্রতিটি অভিভাবক যদি তাঁদের সন্তানকে মাঠমুখী করেন, তাহলে আমাদের সমাজ থেকে মাদকের অভিশাপ দূর হতে বেশি সময় লাগবে না। সুস্থ প্রতিযোগিতা, দলগত মনোভাব ও জীবনবোধ এই গুণগুলো একজন তরুণ ফুটবলার যেমন মাঠ থেকে শেখে, তেমনি জীবনের প্রতিটি পদক্ষেপেও কাজে লাগাতে পারে। ঈদের এই পবিত্র মুহূর্তে আমরা শপথ করি আমাদের সন্তানেরা মাদকের অন্ধকারে নয়, মাঠের আলোয় বেড়ে উঠবে।”
ঈদের উৎসবে ক্রীড়ার মেলবন্ধন সমাজ বদলের নতুন অঙ্গীকার,
ঈদ-পরবর্তী এই আয়োজন শুধু দুটি দলের ফুটবল লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি এটি পরিণত হয়েছে গোটা বরুড়াবাসীর ঐক্য, সম্প্রীতি ও মাদকবিরোধী চেতনার এক অনন্য প্রকাশে। শিশু থেকে বৃদ্ধ, সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বরুড়াবাসী একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার স্বপ্ন লালন করে।
আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের দিকে আকৃষ্ট করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে। তাঁরা স্থানীয় সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আন্তরিক আহ্বান জানান।
বরুড়ার এই প্রীতি ফুটবলের মাঠ থেকে আজ যে বার্তাটি উচ্চারিত হলো, তা ছড়িয়ে পড়ুক সারা দেশে,
“মাঠে ঘাম ঝরাও, জীবনে আলো জ্বালাও মাদককে না বলো, খেলাধুলাকে বুকে তুলে নাও।”