আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের তায়েফে ড্রোন হামলায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, সৌদিতে ছোড়া একটি ড্রোন তায়েফে ভূপাতিত করা হয়। এর ধ্বংসাবশেষ সাধারণ মানুষ ও অবকাঠামোর ওপর পড়ে। এতে একজন নিহত ও দুইজন আহত হন। নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক। আহত দুজনের মধ্যে একজন সৌদি নারী এবং অপরজন পাকিস্তানি অভিবাসী। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া ড্রোনের ধ্বংসাবশেষে কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সিভিল ডিফেন্স এজেন্সি।
এর আগে বুধবার সৌদি আরব দাবি করেছিল, হুথি বিদ্রোহীরা পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে। তবে সেটি মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। তায়েফ মক্কা থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
আজ যে হতাহতের তথ্য দেওয়া হয়েছে, তা হুথিদের ড্রোন হামলায় হয়েছে কি না, সেটি সরাসরি উল্লেখ করেনি সৌদির সিভিল ডিফেন্স।
তবে গত দুই সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছে হুথিরা। তারা সৌদির তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এর মধ্যে কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র বেসামরিক এলাকাতেও আঘাত হানছে।
সৌদিতে এখন পর্যন্ত শতাধিক মানুষ হুথিদের হামলায় আহত হয়েছেন। তবে আজই প্রথমবার দেশটিতে ড্রোন হামলায় কেউ নিহত হলেন।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের বন্দরনগরী মোখা দখল করার পর সেখান থেকে তাদের সরিয়ে দিতে সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে। এর জবাব হিসেবে সৌদিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত বিদ্রোহীরা।