গাছায় হামলা-শ্লীলতাহানির অভিযোগ: থানায় মামলা না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় পরিবার

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরের গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটির দাবি, থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। ফলে তারা বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর খাইলকুর বেপারী পাড়ার বাসিন্দা মোসাঃ মিনা আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে গত ১ মে শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে তার ভাই মোঃ সোহেল রানা রড ও সিমেন্ট কেনার উদ্দেশ্যে নগদ ৪৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হন। পরে দোকান বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে হামলা চালায়।

ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা সোহেল রানাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ব্যবহৃত স্মার্টফোন ভেঙে ফেলা হয়। মিনা আক্তার ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। অভিযোগে বলা হয়, তাকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় এবং গলায় থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টারও অভিযোগ তোলা হয়েছে।

পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসা নেওয়ার পর তারা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মিনা আক্তার বলেন, “আমরা অসহায়। প্রতিনিয়ত ভয়-ভীতি ও নির্যাতনের মধ্যে আছি। থানায় গিয়েও কোনো সহযোগিতা পাইনি। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *