স্টাফ রিপোর্টার:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল এলাকায় জমি বণ্টন ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে জবরদখল, মাটি কাটা, হুমকি ও গালিগালাজের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ।
অভিযোগ সূত্রে জানা যায়, বিরাঙ্গল এলাকার বাসিন্দা মোসাঃ মাছুমা বেগম তার স্বামী মোঃ ইব্রাহীম সিকদারের পক্ষে বাকেরগঞ্জ থানা-এ একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের একই বাড়ির লোক মোঃ হাবিব ফকির, মোসাঃ হাসি বেগম ও মোঃ জামাল ফকিরসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন।
অভিযোগে বলা হয়, বিরাঙ্গল মৌজার এম এ খতিয়ান ৯৭ ও সৃজিত খতিয়ান ৮৬১-এর হাল ২২২০ নম্বর দাগের প্রায় ৭ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। মাছুমা বেগমের স্বামী কর্মসূত্রে কুমিল্লায় অবস্থান করায় তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বিবাদীরা জমির মাটি কেটে সীমানা নির্ধারণের জন্য পিলার স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর দাবি, গত ৯ মে সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীরা বহিরাগত লোকজন নিয়ে এসে তাদের না জানিয়েই জমি বণ্টন ও সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ সময় মাছুমা বেগম বাধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে। তারা হলেন বকুল বেগম, আকব্বর হাওলাদার, সিমা বেগম ও ইমরান মুন্সীসহ আরও অনেকে।
ভুক্তভোগী পরিবার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।