আন্তর্জাতিক ডেস্ক ::
ইসরায়েলি সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে। চলতি বছরের প্রথম সাত মাসেই দেশটির ২৫ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের দৈনিক হারেৎজ।
সেনাবাহিনীর বরাত দিয়ে হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত আত্মহত্যা করা ২৫ সেনাসদস্যের মধ্যে ১৬ জন কর্মরত ছিলেন। বাকি নয়জন ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত ওই নয়জনই গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন।
এদিকে, পৃথক এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন জানিয়েছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত তিনজন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সর্বশেষ ঘটনাটি ঘটে ১৪ সেপ্টেম্বর, সোমবার। ওই দিন ইসরায়েলের মধ্যাঞ্চলীয় একটি এলাকার বাড়ি থেকে এক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের সশস্ত্র হামলার পরদিন ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছর ধরে চলা ওই অভিযানে গাজায় ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭৪ হাজার জন আহত হয়েছেন। ২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল এখনও গাজা থেকে সম্পূর্ণ সেনাপ্রত্যাহার করেনি।
অন্যদিকে, ২০২৬ সালের মার্চ থেকে লেবাননেও সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ওই অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের একটি সূত্র জানিয়েছিল, গত দুই বছরে মানসিক সমস্যায় ভোগা ইসরায়েলি সেনাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্রটির দাবি, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মানসিক সমস্যার কারণে চিকিৎসাধীন সেনাদের সংখ্যা ছিল ১১ হাজার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এ সংখ্যা বেড়ে ৩১ হাজারে পৌঁছায়।
এ ছাড়া, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশঙ্কা, দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রায় ৩৮ শতাংশ সদস্য কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি